সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাহফুজ রাজা, প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া কামনা
Tonmoy Molla
নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 | সংবাদটি দেখেছেন : 348
সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুরের তরুণ সাংবাদিক মাহফুজ রাজা মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে চাকরি থেকে বাড়ি ফেরার পথে শাহেদল ইউনিয়নের কুড়িমারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও সহকর্মীদের সূত্রে জানা যায়, বিকেলে অফিস থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মাহফুজ রাজা। কুড়িমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশে পড়ে যান। এতে তার বাম হাতের হাড় ভেঙে গেছে এবং কাঁধে ভীষণ আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে মাহফুজ রাজা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হাতের হাড় ভেঙে যাওয়ায় প্লাস্টার করা হয়েছে। কাঁধের আঘাতও গুরুতর। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সুস্থ হতে তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
মাহফুজ রাজা হোসেনপুরের একজন পরিচিত ও কর্মঠ সাংবাদিক। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য এলাকায় তার সুনাম রয়েছে। তার আকস্মিক দুর্ঘটনার সংবাদে সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মাহফুজ রাজার দ্রুত সুস্থতা কামনা করে হোসেনপুর মডেল প্রেসক্লাব এর পক্ষ থেকে সকলের কাছে দোয়ার দরখাস্ত করা হয়েছে। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মতিন মাষ্টারসহ সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “মাহফুজ রাজা আমাদের স্নেহের ছোট ভাই। তার মতো মেধাবী ও নিষ্ঠাবান সাংবাদিক দ্রুত সুস্থ হয়ে আবার কলম হাতে ফিরে আসুক—এটাই আমাদের কামনা। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।”
প্রেসক্লাবের পক্ষ থেকে আহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
মাহফুজ রাজার সুস্থতার জন্য তার বন্ধু-স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।
আপনার মতামত লিখুন :